ডিজিটাল যুগে অ্যানালগ চিন্তার প্রয়োজনীয়তা

আমাদের আজকের প্রজন্ম, তথ্য-প্রযুক্তির এই অভূতপূর্ব সময়ে বেড়ে উঠছে। হাতের মুঠোয় স্মার্টফোন, সোশ্যাল মিডিয়া, ইউটিউব, টিকটক – সবকিছুতেই তথ্যের অফুরন্ত ভাণ্ডার। কিন্তু এই সুবিধার মাঝে আমরা কি হারিয়ে ফেলছি আমাদের মস্তিষ্কের স্বাভাবিক চিন্তাশক্তি করার ক্ষমতা? একটু চিন্তা করে দেখুন।

আগের প্রজন্মের মানুষেরা যেভাবে ক্যালকুলেটর ছাড়াই হিসেব করতেন, ফোন নম্বর মুখস্থ রাখতেন, সেই অ্যানালগ চিন্তার অভ্যাস আজ আমাদের প্রজন্মের কাছে অনেকটাই অচেনা। তাদের এই অভ্যাসগুলো মস্তিষ্কের ব্যায়ামের মতো যা তাদের চিন্তাশক্তি ও স্মরণশক্তিকে দীর্ঘসময় শানিত রেখেছে। কিন্তু এই যুগে আমাদের এতকিছু মনে রাখার প্রয়োজন হয় না। এখন সবকিছুর জন্যই আমরা প্রযুক্তির উপর নির্ভরশীল। ভাবনার বিষয় হচ্ছে, এই অতি-নির্ভরতা আমাদের চিন্তাশক্তি, স্মৃতিশক্তিকে কিন্তু ক্ষয় করছে। জিনিষটা আসলে এলার্মিং, গুগল সার্চ কিন্তু আমাদের মস্তিষ্কের ১২টা বাজাচ্ছে। প্রযুক্তির উপর এই অতিরিক্ত নির্ভরশীলতার কারণে আমাদের ব্রেইনের নিজস্ব ক্ষমতা কমে গিয়েছে। স্মৃতি ও চিন্তাশক্তি দুর্বল হয়ে পড়েছে।

মস্তিষ্ক শাণিত করতে সবকিছু গুগল সার্চ না করে মনে রাখতে চেষ্টা করার পরামর্শ দিয়েছেন গবেষকরা। তাই, তরুণ প্রজন্মকে আহ্বান, অ্যানালগ চিন্তা করা কিন্তু একদম ভুলে যাবেননা। মুখে মুখে হিসেব করা আর প্রয়োজনীয় তথ্য মনে রাখার চেষ্টা করুন। পড়াশোনার পাশাপাশি ধাঁধা, সুডোকু, শব্দভিত্তিক গেমস খেলুন। এই অভ্যাসগুলো আপনাদের মস্তিষ্ককে সতেজ রাখবে, চিন্তাশক্তি বাড়াবে, স্মৃতিশক্তি মজবুত করবে। আমি নিয়মিত আমার সন্তানদের ধাঁধার চর্চা করাই। ফ্লাশকার্ড ব্যবহার করে পরীক্ষার জন্য রিভিশন দেয়াই।

এতে ইমোশনাল ইন্টেলিজেন্সও বাড়ে। এগুলো আত্মমর্যাদাবোধ, আত্মবিশ্বাস বাড়ায়। এই অভ্যাসের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো ভুয়া খবর চেনার ক্ষমতা বৃদ্ধি। আজকাল সোশ্যাল মিডিয়ায় ভুয়া খবরের ছড়াছড়ি। অ্যানালগ চিন্তার অভ্যাস আপনাদের বিশ্লেষণী ক্ষমতা বাড়াবে, যা ভুয়া খবর চিনতে এবং সত্য-মিথ্যার মধ্যে পার্থক্য করতে সাহায্য করবে।

তাই, আজ থেকেই শুরু করুন এই অ্যানালগ অভ্যাস। মনে রাখবেন, প্রযুক্তির সুবিধা নেওয়ার পাশাপাশি নিজের মস্তিষ্ককেও সক্রিয় রাখা জরুরী। একটি সুস্থ, সবল মস্তিষ্কই পারবে আপনাকে সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে, ক্রিটিকাল থিংকিং-এর মতো খুবই গুরুত্বপূর্ণ একটি স্কিল ডেভেলপ করতে। মনে রাখবেন, একটি সক্রিয় মস্তিষ্কই হচ্ছে সকল সফলতার চাবিকাঠি।